মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
সীমান্তের কাঁটাতারের বেড়া পাড়ি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক বাংলাদেশি যুবকের নাম নয়ন মিয়া। সে ঢাকার হাতিরঝিল থানার বাদশা মিয়ার ছেলে।
গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৩৪ এর সাব পিলার ৯ এর পাশ থেকে ৩শ গজ বাংলাদেশের ভিতর থেকে তাকে আটক করা হয়।
বিজিবির নায়েক আলমগীর হোসেন জানান, লালমনিরহাট ১৫ বিজিবির অধীন বালারহাট ক্যাম্পের টহলরত বিজিবির সদস্যরা ওই যুবককে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। পরে সন্ধ্যা ৭টায় আটক নয়নকে
ফুলবাড়ী থানায় সোপর্দ করেন।
আটক বাংলাদেশি যুবক নয়ন মিয়া জানান,তিন বছর আগে কাজের সন্ধানে কুমিল্লা সীমান্ত দিয়ে ১০ হাজার টাকার বিনিময়ে দালালের মাধ্যমে ভারতে যান। সেখানে তিন বছর বিভিন্ন জায়গায় কাজ করার পর কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার করলা সীমান্ত দিয়ে ১২ হাজার টাকার বিনিময়ে দালালের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করার সময় বিজিবি হাতে আটক হন।
এবিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, এ ব্যাপারে বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে একটি মামলা দায়ের করেছে। আটক নয়নকে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


















