মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
সাবেক সংসদ সদস্য ও কুড়িগ্রাম জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আহমেদ নাজমীন সুলতানাকে আটক করেছে পুলিশ।
আটক আহমেদ নাজমীন নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৬ এর সংসদ সদস্য ছিলেন। একই সঙ্গে তিনি জেলা মহিলা আওয়ামী লীগের দুই মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন চিনুর স্ত্রী।
আজ রোববার (২ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক (সদর আমলি) রাকিবুল হাসান তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল শনিবার রাতে কুড়িগ্রাম পুরাতন শহরের মোক্তারপাড়া গ্রামের নিজ বাসভবন থেকে নাজমীন সুলতানাকে আটক করে পুলিশ। আজ সকালে তাঁকে আদালতের হাজতখানায় নেওয়া হয়, কিন্তু এক আইনজীবীর মৃত্যুর কারণে এদিন আদালতের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকে। ফলে সাবেক এই নারী এমপিকে প্রায় দিনভর আদালতের হাজতখানায় থাকতে হয়।
আহমেদ নাজমীন সুলতানা জাতীয় সংসদে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। এমপি থাকাকালে বিভিন্ন সরকারি বরাদ্দ টাকার বিনিময়ে বিক্রির একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে কুড়িগ্রাম জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহম্মেদ ও সদস্য আবু তাহের সদর থানায় পৃথক দুটি মামলা করেন। ওই দুটি মামলায় সাবেক এমপি আহমেদ নাজমীন সুলতানাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করে জানান, তাকে থানায় জিজ্ঞাসাবাদের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
















