মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
রেলওয়ে স্টাফদের কর্মবিরতির ফলে কুড়িগ্রামের যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। টিকেট কিনে ষ্টেশনে অপেক্ষা করছেন যাত্রী সাধারণ। তবে ট্রেন আসতে আরো কত সময় লাগবে জানা নেই ষ্টেশনে দায়িত্বরত কর্মকর্তার।
জানা যায়, সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ, শ্রমিক ও কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। ফলে ঢাকাসহ সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
কুড়িগ্রাম রেলস্টেশনে ট্রেন সকাল ৭টায় পৌঁছানোর কথা থাকলেও তা পৌঁছায়নি। এদিকে অনলাইনে এবং কাউন্টারে টিকিট কিনে যাত্রীরা সকাল থেকে ট্রেনের অপেক্ষায় স্টেশনে ভীড় করছেন। অনেককে ফিরে যেতে দেখা গেছে। ফাঁকা পড়ে আছে প্লাটফর্ম।
সকাল ৭টায় ষ্টেশনে আসা ফারুকী আজম নামের এক ঢাকার যাত্রী বলেন, ১০টা পার হলেও এখনো ষ্টেশনে ট্রেন এলোনা। তাই ফেরত যেতে হচ্ছে।
কুড়িগ্রাম রেল স্টেশন মাস্টার মো. বাবলু জানান, ট্রেন ৭টার দিকে আসার কথা থাকলেও আসেনি। অনেক যাত্রী ট্রেন বন্ধের খবরে ফেরত গেছেন। কেউ অপেক্ষায় আছেন। তবে যারা ট্রেনের টিকেট কেটেছেন তাদের টাকা ফেরত দেওয়া হবে।
















