মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
“নির্বাচনের প্রথম শর্তই হচ্ছে স্বচ্ছ ও সুষ্ঠু ভোটার তালিকা প্রণয়ন করে জনগণের প্রত্যাশা অনুযায়ী আগামীতে একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য ও প্রশ্নহীন নির্বাচন করা।” নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল এক মতবিনিময় সভায় উপরোক্ত কথা বলেন।
আজ রোববার (২৬ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ হলরুমে নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, বর্তমান ভোটার তালিকা নিয়ে কিছু অভিযোগ আছে, সেগুলো নিরসন করতে হবে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ করা হবে। ভুয়া ভোটার তালিকা, মৃত ভোটারদের উপস্থিতি, বিদেশি নাগরিকদের উপস্থিতি, দ্বৈত ভোটারদের উপস্থিতি, এগুলো কাটিয়ে ওঠার জন্যই ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে। তিনি বলেন, ‘নির্দিষ্ট সময়ে খচড়া হয়ে ২ মার্চে গিয়ে চূড়ান্ত ভোটার তালিকা করা হয়ে।
নির্বাচন কমিশনার আরও বলেন, ‘নির্বাচনের দিনক্ষণ নির্বাচন কমিশনের হাতে নয়। প্রধান উপদেষ্টা বলেছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে ২০২৬ সালের প্রথমার্ধে
জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এই টাইম ফ্রেম ধরে নির্বাচন।
মতবিনিময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার, জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন, রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান প্রমুখ।
















