বাংলা ভয়েস ডেস্ক :
টাঙ্গাইলের সখীপুরে সালাম মিয়া (৪৮) নামে এক মুদি দোকানীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রাম থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সালাম উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামের মৃত আমির আলীর ছেলে। তিনি হাসানগঞ্জ চকচকিয়া বাজারে মুদির দোকান চালাতেন।
স্থানীয়রা ও পুলিশ জানায়, সালাম মিয়া বুধবার (২২ জানুয়ারি) রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পরে তিনি বাড়ি না যাওয়ায় স্বজনরা সারারাত খোঁজাখুঁজি করেন। পরদিন সকালে বাড়ির পাশে একটি লেবুর বাগানে তার জবাই করা মরদেহ দেখতে পান স্বজনরা।
নিহতের স্ত্রী বাছাতন বেগম বলেন, আমার স্বামী বাড়ি না ফেরায় তাকে সারারাত বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাইনি। পরদিন সকালে আমাদের বাড়ির লেবু বাগানে তার জবাই করা মরদেহ পাই। সহজ-সরল মানুষটাকে নির্মমভাবে জবাই করে হত্যা করেছে।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খুব দ্রুত হত্যাকান্ডের রহস্য উদঘাটন করে আসামিদের গ্রেপ্তার করা হবে।
















