বাংলা ভয়েস ডেস্ক :
কলাপাড়ার ধানখালীতে উৎপাদনের জন্য প্রস্তুত থাকা ১৩২০ মেগাওয়াট কয়লা ভিত্তিক পটুয়াখালী (আরএনপিএল) বিদ্যুৎকেন্দ্রের অন্তত পাঁচ লাখ টাকা মূল্যের মালামাল চুরির ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা সোহেল মোল্লা, শাহীন মোল্লাসহ ৫০ জনের নামে কলাপাড়া থানায় মামলা করা হয়েছে।
বিদ্যুৎ কেন্দ্রের গতকাল রোববার ডেপুটি ম্যানেজার (অ্যাডমিন) আমিনুল ইসলাম এ মামলাটি করেছেন। কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় চোরচক্রের ৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। প্লান্ট থেকে চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে, তামার তার, লোহার সামগ্রী, স্টিলের পাতসহ বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রী।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ৯ জানুয়ারি রাতে আসামিরা বিদ্যুৎ প্লান্টের অভ্যন্তরে প্রবেশ করে গুরুত্বপূর্ণ তামার তার, লোহার সামগ্রী, স্টিলের পাতসহ বিভিন্ন ধরনের মালামাল চুরি করে গিলাতলা বাজারের কাছে নিয়ে স্টক করে। ১০ জানুয়ারি সকালে ওই মালামাল একটি গাড়িতে পাচারের জন্য তোলা হচ্ছিল।
এসময় বিদ্যুৎ প্লান্টের নিরাপত্তাকর্মীরা কর্মকর্তাদের নিয়ে পুলিশ ক্যাম্পের সদস্যদের সহায়তায় গাড়িসহ অন্তত আড়াই লাখ টাকা মূল্যের পাঁচ টন মালামাল উদ্ধার করেন। এ চক্রটির চোরাই করা আরও এক ট্রাক মালামাল ইতোপূর্বে আটক করা হয়।
এদিকে বিদ্যুৎ প্লান্টের একাধিক সূত্র বলছে, চক্রটি দীর্ঘদিন ধরে পাওয়ার প্লান্টের শত শত টন মালামাল চুরি করে বিক্রি করে আসছিল।
কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করা হয়েছে। প্রয়োজনীয় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
















