মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রামের চিলমারী ব্রহ্মপুত্র নদে নাব্যতা সংকটের কারণে চিলমারী-রৌমারী নৌ পথে ১৮ দিন ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
কবে নাগাদ এ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হবে তা মূহুর্তে নিশ্চিত করতে পারছেন না বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চিলমারী নৌবন্দর ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান।
সূত্র জানায় গত ২৩ ডিসেম্বর থেকে নদীতে নাব্য সংকটের কারণে ও ড্রেজিংয়ের কাজ চলমান । সে কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বিআইডব্লিটিএ ক্লিয়ারেন্স দিলে এ রুটে পুনরায় ফেরি চলাচল শুরু হবে। কবে নাগাদ চালু হবে এ বিষয়ে নিশ্চিত করতে পারছেন না নৌবন্দর ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান।
লালমনিরহাট থেকে আসা ট্রাকচালক জাহিদুল বলেন, মালবোঝাই ট্রাক এসেছি। ফেরি বন্ধ। কবে ফেরি চালু হবে এ বিষয়ে কিছুই বলতে পারছে না কর্তৃপক্ষ। এখন আবার ফেরত যেতে হবে।
এবিষয়ে বিআইডব্লিউটিএর উপসহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, ‘নদীতে সার্ভে করছি। বলদমারা থেকে রৌমারী ঘাট পর্যন্ত এ রুটে ৬ কিলোমিটার সমস্যা দেখা দিয়েছে। চার হাজার ফুট ড্রেজিং করা হয়েছে। আবারও বন্যার কারণে তা পুনরায় ভর্তি হয়েছে। আগামী দু-তিন দিনের মধ্যে রুট ক্লিয়ার হতে পারে।
















