ডালিম কুমার দাস টিটু, লক্ষ্মীপুর সংবাদদাতা :
লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে দুদক চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. আজগর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন পরিচ্ছন্নতা কর্মী বাবর উল আলম পাসপোর্টের আবেদন জমা নেওয়ার কাজ করার তথ্য উঠে আসে।
দুদক কর্মকর্তা বলেন, অভিযোগ রয়েছে দালালের মাধ্যমে যেসব আবেদন করা হয় তাতে সুনির্দিষ্ট কিছু চিহ্ন থাকে। কিন্তু আমরা বেশ কিছু আবেদন যাচাই করে তা পাইনি। তবে দুই একটা নোট পেয়েছি। তা নিয়ে কর্তৃপক্ষ জানিয়েছে ডিএসবি প্রতিবেদনের জন্য আবেদনগুলোতে নোট রাখা হয়েছে। পরিচ্ছন্নতা কর্মীর বিষয়ে দুদকের সহাকারি পরিচালক বলেন, অফিসের আদেশ অনুযায়ী পরিচ্ছন্নতা কর্মী বাবর পাসপোর্ট আবেদনগুলো যাচাইয়ের কাজ করছেন। আমাদের ডকুমেন্ট দেখানো হয়েছে।
লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারি পরিচালক একেএম আবু সাঈদ বলেন, লোকের স্বল্পতা থাকায় পরিচ্ছন্নতা কর্মীকে দিয়ে বাড়তি কাজ করানো হয়। কাজটি জটিল না হওয়ায় তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
















