মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রামে চরের (খাস) জমি দখল নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে দরবেশ আলী (৫২) নামের একজন নিহত হয়েছেন। নিহত দরবেশ আলী উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের সিপার আকন্দের ছেলে।
গতকাল রোববার (৫ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার দলদলিয়া ইউনিয়নের কর্পূরার চরে ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের কর্পূরার চরে প্রায় ২০০ একর (খাস জমি) নিয়ে পার্শ্ববর্তী রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সবুর মিয়া ও পীরগাছা সদর ইউনিয়নের আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি মো. ইসমাইল হোসেনের বিরোধ চলছিল। কয়েকদিন আগেও দুই গ্রুপের মারামারি হয়। এরই জেরে আজ দুপুরে চর দখলের চেষ্টা কালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে সবুর গ্রুপের দরবেশ আলী ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় উভয় পক্ষের আরও দশজন আহত হয়েছে বলে জানাগেছে।
স্থানীয় ইউপি সদস্য নুরুজ্জামান মিয়া জানান, চরটি প্রায় ২০০ একর বিস্তীর্ণ, এটি মূলত খাসের (সরকারি) যায়গা। প্রতি বছর চরটিকে ঘিরে আওয়ামী লীগের সবুর ও ইসমাইল দুই গ্রুপের সংঘর্ষ হয়। আজও চর দখলকে কেন্দ্রে করে উপয়পক্ষের সংঘর্ষ হয়। এতে সবুর গ্রুপের দরবেশ আলী নিহত হয়েছে।
এ বিষয়ে ওসি জিল্লুর রহমান বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলমান।
















