মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় মারা যান ফায়ার ফাইটার সোহানুর জাহান নয়ন। তার অকাল মৃত্যু কেড়ে নিয়েছে রংপুরের নদীভাঙা অসহায় পরিবার আক্তারুজ্জামান ও নার্গিস দম্পতির শেষ স্বপ্ন।
নয়ন বাবা মায়ের একমাত্র ছেলে। ফায়ার ফাইটার ছেলেকে অবলম্বন করে বুকভরা স্বপ্ন আর এতোটুকু আশা নিয়ে কোন রকমে এগিয়ে চলতো কৃষক পরিবারটি। কিন্তু সেই স্বপ্ন আজ দু:স্বপ্ন হয়ে দাঁড়ালো ঘাতক ট্রাকটি। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় আক্তারুজ্জামান ও নার্গিস দম্পতির পরিবার।
রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ছড়ান আটকুনিয়া গ্রামের আক্তারুজ্জামান ও নার্গিস দম্পতির বসবাস। একমাত্র ছেলে সোহানুর জাহান নয়ন। দুই ভাই বোনের মধ্যে ছোট নয়ন। ইতি মধ্যেই বড় বোনের বিয়ে হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য জিয়াউল হক জুয়েল জানান, নয়নের পরিবার নদীভাঙনের শিকার। নিজস্ব জমিজমা বলতে তেমন একটা নেই। অনেক কষ্ট করে একমাত্র ছেলেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করিয়েছেন।
পারিবারিক সূত্রে জানাযায় ২০২২ সালে নয়ন ফায়ার ফাইটার নিয়োগ পান।
ছেলের চাকরির সুবাদে পরিবারে একটু সচ্ছলতা ফিরতে শুরু করছিলো। কিন্তু সেই সুখ আর স্বপ্ন বেশিদিন টিকলো না। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারটি এখন দিশাহারা।
স্হানীয় ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান তারিকুল ইসলাম সরকার বলেন, নয়নের পরিবার অনেক গরিব এবং অসহায়। অকালে তার চলে যাওয়াটা অনেক কষ্টের। সরকারিভাবে পরিবারের জন্য সাহায্য সহযোগিতা করার জন্য জোর দাবি জানান তিনি।
















