বাংলা ভয়েস ডেস্ক :
রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় প্রবেশ করা তিন ডাকাতের বয়স ১৮ বছরের কম। তারা সবাই খেলনার পিস্তল নিয়ে ব্যাংকে ডাকাতি করতে যায়।
আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) কেরানীগঞ্জে মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ।
তিনি বলেন, অভিযুক্তরা ১৮ বছরের কম বয়সী, কিশোর গ্যাংয়ের সাথে যোগাযোগ আছে কি না–খতিয়ে দেখা হচ্ছে। ব্যাংক ডাকাতির ঘটনাটাকে ধৃতরা অ্যাডভেঞ্চার হিসেবে নিয়েছিল।
আহম্মদ মুঈদ বলেন, খেলনা পিস্তল নিয়ে অভিযুক্তরা ব্যাংকে যায়। তারা ডাকাতি করে টাকা একজন কিডনি রোগীর চিকিৎসার কাজে দিতে চেয়েছিল। তবে সেই রোগীর বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। এখনও পাওয়া যায়নি সে রোগীকে।
আটকরা কিশোর হওয়ায় তাদের ছবি গণমাধ্যমে প্রকাশ না করতে অনুরোধ করেন এসপি আহম্মদ মুঈদ।
















