বাংলা ভয়েস ডেস্ক :
ঘন কুয়াশা না থাকলেও দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা। রাত থেকে সকাল পর্যন্ত অনুভূত হচ্ছে কনকনে শীত।
আবহাওয়া অফিসের তথ্যমতে, আজ সোমবার (৯ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। জেলায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। ঘন কুয়াশার কারণে মহাসড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। এদিকে, সকাল ৮টা পর্যন্ত সূর্যের দেখা না মেলায় তীব্র শীত অনুভূত হচ্ছে।
এর আগে, রোববার সকাল ৯টায় এখানে রেকর্ড হয়েছিলো ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, হাড়কাঁপানো শীতে জুবুথুবু অবস্থা জনজীবনেও। কনকনে শীত আর হিমেল বাতাস সহজেই কাবু করছে এখানকার জনজীবন। দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের। রাত থেকে সকাল অবধি ঘন কুয়াশায় ঢাকা থাকে পথঘাট। বিশেষ করে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীত বেশি অনুভূত হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়লেও বিকেলের পর থেকে আবারও বাড়ছে শীতের দাপট। বিপাকে যানবাহন চালকরাও। তাদেরকে সকালের দিকেও হেডলাইট জ্বালিয়ে সাবধানে চলাচল করতে হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের জ্যেষ্ঠ পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায় বলেন, গতকালের চেয়ে দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। আজকে বাতাসের আর্দ্রতা ছিলো ৯৯ শতাংশ। তাপমাত্রা আরও কমবে বলেও জানান তিনি।
















