মো. সোহাগ হোসেন, শার্শা (যশোর) সংবাদদাতা :
যশোরের শার্শায় বিএনপি’র দুই গ্রুপের মধ্যে মারামারিতে ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ী বকুলতলা ও চালতাবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, শার্শা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবুল হাসান জহির গ্রুপের অনুসারী চালতাবাড়িয়া গ্রামের বিএনপি নেতা ও শার্শা উপজেলা বিএনপির সদস্য ওলিয়ার রহমান, যুবদল কর্মি উজ্জল হোসেন, মনিরুজ্জামান, শহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, সোহেল ও লিপু। এর মধ্যে আহত ওলিয়ার রহমান, সোহেল ও লিপু বাগআঁচড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষ বাড়িতে চলে গেছে। অপরদিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি গ্রুপের অনুসারী তরিকুল ইসলাম নামে একজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির যুগ্ন-আহ্বায়ক আবুল হাসান জহির গ্রুপের কায়বা ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা বাগআঁচড়ায় একটি অনুষ্ঠানে যোগদান শেষে বাড়িতে ফিরছিলো, পথিমধ্যে কায়বার বাগুড়ী বকুলতলায় পৌঁছালে বিএনপির সাবেক কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি গ্রুপের নেতাকর্মীরা হাসন জহির গ্রুপের নেতাকর্মীরা উপার হামলা চালিয়ে লাঠি ও কাঠের বাতা দিয়ে পিটিয়ে কয়েক জনকে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
আহত ওলিয়ার রহমান বলেন, কিছু বুঝে উঠার আগেই তাদের উপর আতর্কিত হামলা চালিয়েছে তৃপ্তি গ্রুপের লোকজন। তিনি উপজেলা ও জেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে সঠিক বিচার দাবী জানিয়েছেন।
কায়বা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. রুহুল কুদ্দুস দাবী করেন, হাসান জহির গ্রুপের লোকজন নিয়মিত সরকারি চাল বন্টনে অনিয়ম করছে। আজও তারা মোটরসাইকেল বহর নিয়ে চাল লুট করবে এমন খবরে আমাদের নেতাকর্মীরা রাস্তায় পাহারায় থাকে। কিছুক্ষণ পরেই শুনি চালিতাবাড়িয়া বাজারে আমাদের এক কর্মির দোকানে হামলা করেছে, এবং দোকান ভাঙচুর করেছে। পরে ওলিয়ারসহ বেশ কয়েকজন রাস্তা দিয়ে যাচ্ছিলো, এসময় আমাদের নেতাকর্মীদের সাথে একটু ঠেলাঠেলি হয়েছে, বড় কোন দুর্ঘটনা ঘটেনি। তবে তিনি দাবী করেন, প্রথমে চালতাবাড়িয়া বাজারে তরিকুলসহ তার দুই তিনজন কর্মীকে ওলিয়ারের নেতৃত্বে পিটিয়ে গুরুতর আহত করা হয়। যার ফলে মারামারির সূত্রপাত ঘটেছে।
এ বিষয়ে শার্শা থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আমির আব্বাস বাংলা ভয়েজকে জানান, খবর পেয়ে সাথে সাথে আমি নিজে ও পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক আছে। তিনি আরো জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
















