মোঃ ইব্রাহিম খলিল,সাতক্ষীরা সংবাদদাতাঃ
সাতক্ষীরা কালিগঞ্জে মসজিদ নির্মানের জায়গায় অস্থায়ী শিক্ষা প্রতিষ্ঠানের নামে দখলে রেখে প্রতারণার অভিযোগ উঠেছে।
⬛ অস্থায়ী শিক্ষা প্রতিষ্ঠানের নামে জবর দখল
⬛ কুরআন শিক্ষা থেকে শিশুরা বঞ্চিত
⬛ প্রতিষ্ঠান স্থানান্তরে দীর্ঘদিন গড়িমসি
⬛ আ.লীগ ও মানবাধিকার নেতার প্রতারণার ফাঁদ
জানা গেছে, কালিগঞ্জ উপজেলার ৬ নং নলতা ইউনিয়নের ৪ নং পশ্চিম নলতা খালপাড়া জনবসতি এলাকার মানুষের নিকটস্থ কোন মসজিদ নেই। কাছাকাছি কোন মসজিদ না থাকায় নলতা শরীফ শাহী জামে মসজিদে নামাজ পড়ার জন্য তাদের যেতে হয়।
স্থানীয়দের অভিযোগ, ২০ থেকে ২৫ মিনিট দুরত্বে মসজিদে যেয়ে জামাতের সহিত নামাজ আদায় করা অধিকাংশ মানুষের পক্ষে সম্ভব হয় না।
এলাকার আশেপাশে মসজিদ না থাকায় শিশুরা কুরআন শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। সেকারণে এলাকার মানুষ বিগত ২০১৯ সালে মসজিদ স্থাপনের উদ্যোগে গ্রহণ করেন। সে মোতাবেক এলাকার মুসল্লীরা প্রথমে জায়গা নির্ধারণ করেন। জায়গা নির্ধারণ শেষে যথারীতি সেখানে মাটি ভরাট করেন।
একপর্যায় মসজিদ স্থাপনের জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়। কিন্ত সেই মুহুর্তে নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আনিছুজ্জামান খোকন মসজিদ স্থাপনের মাটি ভরাটকৃত ৫ শতাংশ জমি গ্রামবাসীর নিকট থেকে ৩ মাসের জন্য অস্থায়ী প্রতিবন্ধী স্কুল করার অনুমতি নেয়।
এমতাবস্থায় “মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন” পরিচালক মোঃ আজহারুল ইসলাম একটি অস্থায়ী প্রতিবন্ধী স্কুল করেন যার নাম “এম,জে,এফ” বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়। গ্রামবাসীর অভিযোগ, তিন মাস অতিবাহিত হওয়ার পর মসজিদ স্থাপনের জায়গা ছাড়তে এমনকি অন্যাত্রে প্রতিষ্ঠান স্থানান্তর করতে গড়িমসি শুরু করেন আজহারুল ইসলাম।
তৎকালীন সময় আ.লীগের দাপট প্রদর্শন পূর্বক দীর্ঘ ৫ বছর যাবত মসজিদ স্থাপনের জায়গা দখল করে রাখে। গ্রামবাসীরা ঐ সময় নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুজ্জামান খোকনের কাছে একাধিকবার ধরনা দিয়েও কোন প্রতিকার মেলেনি।
অনেকেই মনে করেন ইউনিয়ন আ.লীগ সভাপতি এবং আজহারুল ইসলামের পূর্ব পরিকল্পিত কারসাজিতে মসজিদ নির্মাণের জায়গা নিজেদের দখলে রেখেছে। তাদের এমন জঘন্য অপকর্মে হতবাক আর হতবিহ্বল হয়ে পড়েন গ্রামবাসী।
বর্তমানে প্রতিবন্ধী স্কুলটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এদিকে ৩ মাসের কথা বলে অস্থায়ী প্রতিবন্ধী স্কুল করে পরবর্তীতে প্রতিশ্রুতি অনুযায়ী যথাসময় মসজিদ স্থাপনের জায়গা ছেড়ে না দিয়ে প্রতারণা করায় সচেতন মহল, সুশীল সমাজ সহ গ্রামবাসী নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
ভুক্তভোগী গ্রামবাসী পাঞ্জাগানা মসজিদ স্থাপনের নিমিত্তে উল্লেখিত জায়গা পুনরুদ্ধারের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক সহ পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন। অপরদিকে ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘ ৫ বছর যাবত অবৈধ পন্থায় মসজিদ স্থাপনের জায়গা জবর দখলবাজদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয় কালিগঞ্জ নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুজ্জামান খোকন এর ব্যবহৃত নম্বরটি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয় “মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন” পরিচালক আজহারুল ইসলাম এর সাথে মুঠোফোনে একাধিকবার আলাপের চেষ্টাকালে তার ব্যবহৃত নম্বরটি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।















