মোঃ ইব্রাহিম খলিল,সাতক্ষীরা সংবাদদাতাঃ
একের পর এক হুমকি ধামকি অব্যাহত রেখেছে “বি,সি,ডি,এস” সভাপতি দ্বীন আলীর পালিত সন্ত্রাসী সিন্ডিকেট চক্র। ইতিমধ্যে এই চক্রটি গড়ে তুলেছে সাতক্ষীরা জেলা জুড়ে ত্রাসের রাজত্ব।
জানা গেছে, প্রায় তিন যুগ সময় ধরে রাম রাজত্ব কায়েম করে চলেছেন দ্বীন আলী। একছত্র আধিপত্য বিস্তার করায় স্বৈরাচারী হয়ে উঠেছেন দ্বীন আলী। “বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি” সাতক্ষীরা জেলা শাখার সভাপতি কেমিস্টস্ ব্যবসায়ীদের অভিভাবকের আসনে বসে ৩৫ বছর যাবত একাধারে নেতৃত্ব দিচ্ছেন।
দীর্ঘ এই নেতৃত্বকালীন সময় বিভিন্ন দূর্নীতি এবং অপকর্মে ধাবিত হওয়ায় সাধারণ কেমিস্টস্ তথা ওষুধ ব্যাবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। নীতি নৈতিকতা আর আদর্শ বিলীন করে লোভের আশায় বশীভূত হয়ে টাকার কাছে বিক্রি হন “বি,সি,ডি,এস” সাতক্ষীরা জেলা শাখার সভাপতি দ্বীন আলী।
“বি,সি,ডি,এস” সভাপতি দ্বীন আলী মেয়াদ থাকা চলমান কমিটি বাতিল করে পূনরায় নতুন কমিটির অনুমোদন দেওয়া যেন নেশা হয়ে দাড়িয়েছে। এসব নানাবিধ অপকর্মে সাধারণ কেমিস্টস্ প্রতিবাদ জানালে কণ্ঠ রোধ করেন দ্বীন আলীর পালিত ভয়াবহ সন্ত্রাসী সিন্ডিকেট। জেলা জুড়ে “বি,সি,ডিএস” সভাপতি দ্বীন আলীর রয়েছে একটি সক্রিয় সন্ত্রাসী সিন্ডিকেট গ্রুপ।
দ্বীন আলীর ইশারায় কাজ করে থাকেন সিন্ডিকেট চক্রটি। সন্ত্রাসী সিন্ডিকেটের মধ্যে অন্যতম আবুল হোসেন মৃধা, আসফারুক, দবীর উদ্দিন, আল কাওছার, আতাউর, আবু সাইদ, আব্দুল হান্নান, সামছুর ও কথিত শিমুল সহ একাধিক সন্ত্রাসী সিন্ডিকেট। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কেমিস্টস্ বলেন, একছত্র আধিপত্য বিস্তার করার নিমিত্তে দ্বীন আলী সন্ত্রাসী সিন্ডিকেটের উপর ভর করে সাতক্ষীরা জেলা ব্যাপী যুগের পর যুগ আধিপত্য বিস্তার করে চলেছে।

এদিকে “বি,সি,ডি,এস” সভাপতি দ্বীন আলীর পালিত সন্ত্রাসী সিন্ডিকেট চক্রের মুল হোতা কথিত শিমুল কর্তৃক কালিগঞ্জ উপজেলা “বি,সি,ডি,এস” এর সাধারণ সম্পাদক আব্দুল মোমিন কে হুমকি প্রদান করেন। গত ১৮-১০-২৪ তারিখ শুক্রবার রাত ৯.১৫ মিনিট সময় ভুক্তভোগী তার নিজ প্রতিষ্ঠান “মেসার্স শিমুল ফার্মেসীতে” অবস্থানকালে হুমকির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল মোমিন গত ২২ অক্টোবর জীবনের নিরাপত্তার নিমিত্তে কালিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন যাহার জিডি নং ৮২১।
মেয়াদ থাকা অবস্থায় পূর্বের কালিগঞ্জ উপজেলা “বি,সি,ডি,এস” কমিটি বাতিল করে পূনরায় নতুন সিলেকশন কমিটি মেনে না নেওয়ায় গত ১৬ অক্টোবর বুধবার দুপুর ১.১৪ মিনিট সময় “বি,সি,ডি,এস” কালিগঞ্জ উপজেলা সভাপতি আঃ রশিদ কে তার ব্যবসায়ী প্রতিষ্ঠান “মেসার্স গাজী ফার্মেসীতে” অবস্থান কালে মুঠোফোনে কল দিয়ে শিমুল পরিচয়দানকারী একই ব্যক্তি হুমকি প্রদান করেন।
হুমকি প্রদানকারী ঐ শিমুল প্রথমে ভুক্তভোগীকে অকথ্য ভাষায় গালিগালাজ করার একপর্যায় বলে যে, তুই দ্বীন আলীকে চিনিস? তোর এতো বড় সাহস? তুই দ্বীন আলীর দেওয়া কালিগঞ্জ উপজেলা কেমিস্টস্ এর নতুন কমিটিকে অবমাননা করিতেছিস। কথিত হুমকি প্রদানকারী শিমুল আঃ রশিদ কে উদ্দেশ্য করে আরও বলেন, তোকে যেখানে পাওয়া হবে তুলে নিয়ে আসা হবে।
এসময় আঃ রশিদ কে প্রাননাশের হুমকি সহ বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি করার হুমকি প্রদান করে। এ ঘটনায় ভুক্তভোগী আঃ রশিদ গত ১৬-১০-২৪ তারিখ কালিগঞ্জ থানায় জীবনের নিরাপত্তার নিমিত্তে একটি সাধারণ ডায়েরি করেন। যাহার জিডি নং ৬২২। এর আগে বিধিবহির্ভূত ভাবে চলমান কমিটি বাতিল করে পকেট কমিটির অনুমোদন দেওয়ায় “বি,সি,ডি,এস” সাতক্ষীরা জেলা শাখার সভাপতি দ্বীন আলী’র প্রতি ক্ষোভে ফুসে ওঠে কেমিস্টসরা।
এরই ধারাবাহিকতায় নতুন কমিটির পক্ষে এবং বিপক্ষে রেজিস্ট্রার খাতায় গণস্বাক্ষর কার্যক্রম শুরু হয়। গত ১১ অক্টোবর শুক্রবার বিকাল ৫ টার সময় ওষুধ ব্যাবসায়ীদের স্বাক্ষর গ্রহণ করা কালীন সময় কালিগঞ্জ কৃষ্ণনগর বাজারে “এস,এম, হাফিজ মেডিকেল হল” নামক প্রতিষ্ঠান স্বত্বাধিকারী মোঃ হাফিজুর রহমান এর স্বাক্ষর গ্রহণ করা রেজিস্ট্রার খাতা তার হাত থেকে কেড়ে নিয়ে পালিয়ে যায় কথিত আবুল হোসেন মৃধা ও আসফারুক। 
এ বিষয় “বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি” সাতক্ষীরা জেলা শাখার “বি,সি,ডি,এস” সভাপতি দ্বীন আলী’র সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, আব্দুর রশিদ ও আব্দুল মোমিন হুমকির ব্যাপারে আমাকে কেউ জানায়নি। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিমুল অনেক আছে কোন শিমুল হুমকি দিয়েছে কালিগঞ্জের ওরা ভালো বলতে পারবে আমি শিমুল কে চিনিনা। তিনি বলেন, আমি কাউকে হুমকি দিতে বলিনি।
এর আগে, গত ১৪ অক্টোবর “বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি” সাতক্ষীরা জেলা শাখার (বি,সি,ডি,এস) সভাপতি দ্বীন আলী’র সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, মেয়াদ থাকা কালীন কমিটি বাতিল করে নতুন কমিটির অনুমোদন দেওয়ার ক্ষমতা আছে “বি,সি,ডি,এস” সাতক্ষীরা জেলা শাখার। আপনার নির্দেশে রেজিস্ট্রার খাতা কেড়ে নেওয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আবুল হোসেন মৃধা ও আসফারুক কে আমি চিনি। কিন্ত আমি তাদের কোন নির্দেশ দেয়নি। অপর এক প্রশ্নে তিনি বলেন, ভাই আমি ব্যস্ত আছি, আপনাকে আমার অফিসে চা খাওয়ার দাওয়াত থাকলো।
এ বিষয় “বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি” ভারপ্রাপ্ত ঢাকা কেন্দ্রীয় সভাপতি মঈনুল হক চৌধুরী মুঠোফোনে আলাপকালে বলেন, দ্বীন আলীর নেতৃত্বে হুমকি প্রদান করার ব্যাপারে আমি অবগত নয়। তিনি বলেন, কাউকে সন্ত্রাসী কায়দায় হুমকি প্রদানের কোন সুযোগ নেই। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জেলা শাখা কমিটি যদি মনে করেন উপজেলার চলমান কমিটি ঠিকঠাক ভাবে চলছে না সেক্ষেত্রে কমিটি বাতিল করে পূনরায় নতুন কমিটির অনুমোদন দিতে পারে। অপর এক প্রশ্নে তিনি বলেন, উপর মহলে তদবির করে দ্বীন আলী কমিটি নিয়েছে কিনা আমি অবগত নই।
















