মোঃ ইব্রাহিম খলিল, সাতক্ষীরা সংবাদদাতাঃ
ভুয়া প্রকল্প দেখিয়ে ১০ লক্ষ টাকা আত্নসাৎ করার অভিযোগ উঠেছে খোদ “পি,আই,ও” এবং ঠিকাদারের বিরুদ্ধে।
জানা গেছে, সাতক্ষীরা তালা উপজেলা সদরের শাহপুর জামে মসজিদ ও ঈদগাহ এর নামে প্রকল্প তৈরী করা হয়। প্রকল্পটি তৈরি করেন তালা উপজেলা “প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা” ওবায়দুর রহমান।
সে অনুযায়ী ঐ প্রকল্পে সরকারি ভাবে বরাদ্দ আসে ১০ লক্ষ টাকা। প্রকল্পের বরাদ্দকৃত ১০ লক্ষ টাকা মসজিদ ও ঈদগাহ কমিটিকে অবগত না করেই ঠিকাদার মিজানুর রহমানের নিকট অবলীলায় টাকা তুলে দেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুর রহমান।
ভুয়া প্রকল্প দেখিয়ে টাকা আত্নসাৎ করার ঘটনাটি স্থানীয়দের মধ্যে দ্রুততম সময়ের মধ্যে ছড়িয়ে পড়ে। এসময় ব্যপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। বিশেষ করে সংশ্লিষ্ট মসজিদের মুসাল্লীরা চরমভাবে ক্ষুদ্ধ হয়। একপর্যায় তারা রীতিমতো ক্ষোভে ফুঁসে ওঠে।
এদিকে টাকা আত্নসাৎ করার বিষয়টি ধামাচাপা দিতে ঠিকাদার মিজানুর রহমান কর্তৃক মসজিদ কমিটিকে ২ লাখ টাকার একটি প্রস্তাব দেওয়া হয় বলে একাধিক ব্যক্তি তথ্যটি নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি অভিযোগ তুলে বলেন, মসজিদের নামে ভুয়া প্রকল্প দেখিয়ে টাকা আত্নসাৎ করার ব্যাপারটি খুবই নিন্দনীয় এবং অপরাধ মূলক কাজ।
তারা বলেন, মসজিদের নাম ব্যবহার করে প্রকল্প দেখিয়ে সমুদয় টাকা “প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা” ও ঠিকাদার নিজেদের মধ্যে ভাগাভাগি করেছেন। এখন নিজেদের অপকর্ম ঢাকতে ২ লক্ষ টাকার প্রস্তাব দিচ্ছে যা খুবই হাস্যকর। তালা উপজেলা “প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা” ওবায়দুর রহমান ও ঠিকাদার মিজানুর রহমান কর্তৃক পরস্পর যোগসাজশে মসজিদ ও ঈদগাহের নামে ১০ লক্ষ টাকা আত্নসাৎ করায় মসজিদ কমিটি ও মুসল্লীদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয় তালা উপজেলা “প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা” ওবায়দুর রহমানের সাথে মুঠোফোনে একাধিকবার আলাপের চেষ্টাকালে তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয় ঠিকাদার মিজানুর রহমান এর সাথে মুঠোফোনে আলাপকালে বলেন, আমি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে ১০ লক্ষ টাকা পাই। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পি,আই,ও কোন খাত থেকে টাকা উত্তোলন করে আমাকে দিয়েছে তা আমি জানিনা।
এ ঘটনায় মসজিদ কমিটি, স্থানীয় মুসল্লী, সচেতন মহল সহ সুশীল সমাজের ব্যক্তিরা প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
















