বাংলা ভয়েস ডেস্ক :
ইসলামের নবীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুকে কটূক্তিমূলক মন্তব্য’ করার অভিযোগে সেনা হেফাজতে নেওয়া ফরিদপুর জেলার সেই কিশোর এখন জেল হাজতে।
যদিও ফরিদপুরের স্থানীয় সাংবাদিক, কলজের শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলে জানা গেছে যে কিশোরটি দাবি করেছেন– তিনি ওই কটূক্তিমূলক মন্তব্য করেননি, অন্য কেউ করেছে।
এই ঘটনা আজ থেকে দুই দিন আগের। অন্যান্য দিনের মতো সেদিনও ক্লাস করতে গিয়েছিলেন জেলার বোয়ালমারী উপজেলার কাদিরদী ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী কিশোরটি।
কিন্তু কলেজে যাওয়ার পর অন্যান্য শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তিনি এবং মারধরেরও শিকার হন। তার বিরুদ্ধে অভিযোগ, ওই মন্তব্যের মধ্য দিয়ে তিনি ইসলাম ধর্মের অবমাননা করেছেন।
শিক্ষার্থী ও আশেপাশের ক্ষিপ্ত জনতা তাকে “মেরে ফেলতে চেয়েছিলো” এবং তখনকার সেই পরিস্থিতি সামাল না দিতে পেরে শেষ পর্যন্ত জনদাবি মেনে তাকে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়।
এদিকে সেনাবাহিনী কিশোরটিকে ধরে নিয়ে যাওয়ার সময়কার কিছু ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে এবং সেখানে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে এখন জোর সমালোচনা চলছে। যাচাই করে ভিডিওগুলোর সত্যতা পেয়েছে বিবিসি বাংলা।
ঘটনার সূত্রপাত যেভাবে
ফরিদপুরের স্থানীয় সাংবাদিক মফিজুর রহমান শিপন বিবিসি বাংলাকে জানিয়েছেন, গত সোমবার কলেজে যাওয়ার পর কিছু শিক্ষার্থী অভিযোগ তোলে যে কিশোরটি ইসলামের নবীকে নিয়ে “এলোমেলো কথাবার্তা” ফেসবুকে লিখেছে এবং “এরপর এ নিয়ে একটা মব তৈরি হয়।”
“কিন্তু ছেলের বক্তব্য, ও অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে না। ও অস্বীকার করে যে সে এরকম কিছু লিখে নাই। তারপর তারা ওকে থাপ্পড়-টাপ্পড় মারে। পরে তারা রাস্তায় গাড়ি ভাঙ্গে, অবরোধ করে,” তিনি বলেন।
একই বক্তব্য পাওয়া যায় কাদিরদী ডিগ্রী কলেজের অধ্যক্ষ নুরুজ্জামান মোল্যা’র থেকেও। তিনি ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনাস্থলেই ছিলেন।
বিবিসি বাংলাকে তিনি জানান যে শুরুতে তিনি ঘটনার ভয়াবহতা বুঝতে পারেননি।
“আমি তখন মাঠেই ছিলাম। দেখি যে ছাত্রদের মাঝে কানাকানি, ছেলেটাকে ঘিরে রাখছে অন্যরা। একটা ছেলে বললো যে ওকে মারবে। কেন মারবে? সাধারণত কলেজে বেঞ্চে বসা নিয়ে, কোনও মেয়ের সাথে কথা বলা নিয়ে রাগারাগি হয়। আমি তাৎক্ষণিকভাবে ওকে আমার রুমে নিয়ে এলাম,” বলছিলেন তিনি।
“পরে জানা গেল, ওর মোবাইল থেকে কুরুচিপূর্ণ ফেসবুক স্টোরি ছড়ায়ে পড়ছে। এ নিয়ে এলাকায় বড় ধরনের ঝামেলা হয়। পুরো কলেজ এরিয়ায় ছাত্র জড়ো হয়ে গেছে।”
তার মতে, তিনি যদি ওই মুহূর্তে এই কিশোরকে না সরাতেন, তাহলে তার প্রাণ হুমকির মুখে পড়তো।
“হাজার হাজার জনতা বলছিলো, আমাদের কাছে ছেড়ে দেন। তাদের একটাই কথা– আমরা ওকে মেরে ফেলবো, নবীর জন্য আমরা জেলে যাবো, দরকারে ফাঁসিতে যাবো।”
কাদিরদী ডিগ্রী কলেজের অবস্থান বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নে। কলেজ থেকে ফোন পেয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রাফিউল আলম ঘটনাস্থলে যান। এর আগে তিনি বোয়ালমারী থানার ওসি ও উপজেলা নির্বাহী অফিসারকেও (ইউএনও) অবহিত করেন।
বিবিসি বাংলা’র কাছে সেদিনের পরিস্থিতির বর্ণনা দেন এভাবে, “প্রিন্সিপালের রুমে ছেলেটা আছে। সেই দরজা ভাঙ্গার চেষ্টা করছিলো মানুষ। একটাই কথা, মেরে ফেলবে।”
অধ্যক্ষ নুরুজ্জামান মোল্যা জানান, “ও স্বীকার করেছে যে এটা তার পুরনো আইডি ছিল। কিন্তু আইডিটা হ্যাক হয়ে যায়। কমেন্টটা আইডি থেকেই গেছে, কিন্তু সে দেয় নাই। সে বলেছে সে মোবাইল চালায় না।
সাতৈর ইউনিয়নের চেয়ারম্যানও বলছিলেন যে সত্য-মিথ্যা “দেখার মতো পরিবেশ পরিস্থিতি তখন ছিল না। সবারই নাজুক অবস্থা। মানুষের একটাই কথা, ও নবী সম্বন্ধে বাজে মন্তব্য করছে।
















