মোবাশ্বের নেছারী কুড়িগ্রাম সংবাদতাদা:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বল্লভের খাষ ইউনিয়ন ভূমি অফিসে চুরি ও আগুন লাগানোর ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে কচাকাটা থানা পুলিশ।
আজ রবিবার (২৭ অক্টোবর) দুপুরে তাদেরকে আটক করেছে পুলিশ। আটক দু’জন হলেন, বল্লভের খাষ ইউনিয়নের মাদারগঞ্জ বাজার এলাকার মকবুল হোসেনের ছেলে আরিফ হোসেন ও একই ইউনিয়নের গাবতলা ডাক্তার পাড়ার মৃত নুর ইসলামের ছেলে বাবু মিয়া। এসময় চুরি হওয়া মালামালও উদ্ধারও করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২৭ অক্টোবর (রবিবার) ভোর রাতে গ্রেফতার দুই জন বল্লভের খাষ ইউনিয়ন ভূমি অফিসে ঢুকে একটি পানির পাম্প চুরি করে। এসময় তারা অফিসের ভিতরে আগুন লাগিয়ে দেয়। এতে রেজিষ্টার-২ বহি ১২টি, রেজিষ্টার-১২বহি ১টি সহ বেশকিছু নামজারী নথিপত্র পুড়ে যায়। পরে স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হয়। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে রবিবার দুপুরে দুইজনকে গ্রেফতার করে।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, ভোরে খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থলে যায়। দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে জড়িত দুইজনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যে চুরি যাওয়া পানির পাম্প উদ্ধার করা হয়। এব্যপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে।
নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহম্মেদ জানান, আগুন দেয়ার ফলে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
















