মো: সুমন বাপ্পি, সিরাজগঞ্জ কলেজ সংবাদদাতা :
গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায়, দুই স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
গতকাল রবিবার (২০ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে কামারখন্দ উপজেলার চৌবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বেলকুচি উপজেলার চরচালা গ্রামের মো. হাসানের ছেলে ও বেলকুচি শিশু একাডেমীর দশম শ্রেণীর শিক্ষর্থী খালিদ (১৬) এবং একই এলাকার শফিকের ছেলে সোহাগ (১৬)। তবে আহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, মোটরসাইকেল নিয়ে তিন যুবক বেলকুচি উপজেলার দিকে যাচ্ছিলেন। এ সময় তারা চৌবাড়ি মোড় এলাকার পৌঁছালে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। স্থানীয়দের সহযোগিতায় আহত আরেকজনকে হাসপাতালে নেওয়া হয়।
ঘটনাস্থল থেকে কামারখন্দ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল মান্নান সাংবাদিকদের বলেন, তিনজন যুবক মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। এ সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে দুইজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আরেকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
















