মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা:
কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলা সদর ইউনিয়ন সরকার পাড়া গ্রাম থেকে নুর মহল আক্তার নিপা (২৫) নামের এক গৃহবধূ তার শিশু সন্তানকে নিয়ে উধাও হয়েছে।
এ ব্যাপারে চর রাজিবপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন তার স্বামী।
অভিযোগ সূত্রে জানা যায়, ১৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে গৃহবধূ নুর মহল আক্তার নিপা (২৪) তার ৬ বছরের পুত্র নুর মোহাম্মদকে নিয়ে উধাও হয়েছে।
ওই গৃহবধূর স্বামী আবু হায়দার থানায় অভিযোগ করেন, তার স্ত্রী নিপা বাবার বাড়ি রৌমারীতে যাওয়ার জন্য বায়না ধরে। গৃহবধূর স্বামী তার স্ত্রীকে বলেন, তার মা অসুস্থ তাই এখন যাওয়া যাবে না।
এদিকে স্বামী হায়দার তার ব্যবসা প্রতিষ্ঠান বটতলায় চলে গেলে সুযোগ বুঝে গৃহবধূ নিপা তার সন্তানকে নিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ স্বামীর বাড়ি চর রাজিবপুর সরকার পাড়া থেকে পালিয়ে যান।
এদিকে গৃহবধূর স্বামী হায়দার তার শ্বশুর বাড়ি রৌমারীতে খোঁজ খবর নিয়ে তার স্ত্রীর-সন্তানের সন্ধান না পেয়ে বাধ্য হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সহিজল হোসেন জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
















