নিজস্ব সংবাদদাতা :
সিরাজগঞ্জের এনায়েতপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গিয়ে গুলিতে নিহত হওয়া শিহাব আহমেদ (১৭) এইচএসসি পরীক্ষার ফলাফলে ৪.০৮ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী শিহাব বাণিজ্য বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল। ফলাফল প্রকাশের পর শিহাবের বন্ধু ও সহপাঠীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ফলাফল শিট পোস্ট দিয়ে সকলের কাছে শিহাবের জন্য দোয়া চেয়েছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
শিহাবের ফলাফল প্রকাশের পর আপন-আলো মানব কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নাঈম আদিব ফেসবুক একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেছেন,আমাদের বীরের রেজাল্ট ৪:০৮ পয়েন্ট। আল্লাহ তাআলা আপনি বীরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন আমিন।

এ বিষয়ে জানতে চাইলে বাংলা ভয়েসকে জানান, আপন আলো মানব কল্যাণ ফাউন্ডেশন এর উপ-ধর্ম বিষয়ক সম্পাদক বীর শিহাব ছিল। আমরা আলো পরিবার শোকাহত। আমরা এমন একটা ছেলেকে হারিয়েছি যে ছিল অত্যান্ত, শান্ত, নম্র, ভদ্র, বিনয়ী।
সকল প্রকার মানবিক কাজে আপন-আলো মানবকল্যাণ ফাউন্ডেশন সব সময় তাকে পাশে পেয়েছি। অসহায় রোগীকে রক্ত ম্যানেজ করে দেওয়া। নিজেও রক্ত দেওয়া। শীতের সময় অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ। বন্যার সময় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ। ঈদের সময় গরিব দুঃখী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, রোজার মধ্যে পথচারীদের ইফতার করানো, সকল কাজেই আমরা শহীদ শিহাব কে পেয়েছি।
এনায়েতপুরের আজুগড়া গ্রামের বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী শফি উদ্দিনের ৩ ছেলের মধ্যে শিহাব ছিল বড়।
প্রসঙ্গত, সরকার পতনের এক দফা আন্দোলন চলাকালে ৪ আগস্ট এনায়েতপুরে ছাত্র-জনতার মিছিলে অংশ নেন শিক্ষার্থী শিহাব। একপর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সংঘর্ষ চলাকালে গুলিতে শিহাবসহ ৩ জনের মৃত্যু হয়।
এসব ঘটনায় দায়ের করা পৃথক ৩টি মামলায় সিরাজগঞ্জ-৫ আসনের (বেলকুচি ও চৌহালী) সাবেক এমপি আব্দুল মমিন মন্ডলকে আসামি করা হয়েছে।
সেদিন এনায়েতপুর থানায় হামলা চালিয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও অস্ত্র লুটসহ ১৫ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়।
















