মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রামে বজ্রপাতে দুইজন কৃষক মারা গেছেন। নিহত দুই কৃষক হলেন, আশরাফ আলী (৪৯) ও আইনুল ইসলাম (৩৫)।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেল আনুমানি ৪টার দিকে কুরিগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কদমতলা মাঝের চর এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, নিহত দুই কৃষক একই এলাকার বাসিন্দা। তারা দুজনে মাঠে গরু চাড়ন করছিলেন। বিকেল ৪টার দিকে হঠাৎ আবহাওয়া খারাপ দেখে আইনুল ও আশরাফ গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় তাদের ওপর বজ্রপাত পড়লে ঘটনাস্থলে আশরাফ মারা যায়। স্থানীয়রা আইনুলকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
স্থানীয় ইউপি সদস্য মো. আক্তারুল ইসলাম বলেন, আইনুল ও আশরাফ কদমতলা গ্রামের বাসিন্দা। গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে।
কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে দুই কৃষক নিহত হওয়ার খবরটি জেনেছি।
















