বাংলা ভয়েস ডেস্ক :
দুর্নীতির খবর প্রকাশ করায় সমকালের ঘাটাইল উপজেলা প্রতিনিধি মাসুম মিয়াকে মারধরের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে সাগরদীঘি ইউপি চেয়ারম্যান মো. হাবিবুল্লাহর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন প্রকল্পের (টিআর-সাধারণ তৃতীয় পর্যায়) আওতায় সাগরদীঘি ইউনিয়ন পরিষদে (ইউপি) সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেন চেয়ারম্যান। যার ব্যয় বরাদ্দ ১ লাখ ৬৪ হাজার টাকা। সমকালের অনুসন্ধানে বেরিয়ে আসে বরাদ্দের ওই টাকায় ‘ক্যামপ্রো’ ব্র্যান্ডের মাত্র পাঁচটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ঢাকার আইসিটি ভবনের ‘গোল্ডেন সান’ ক্যামেরার দোকানে খোঁজ নিয়ে জানা যায়, ভালো মানের ওই ব্র্যান্ডের সিসিটিভি ক্যামেরার দাম ২ হাজার ৪৫০ টাকা। সেই হিসাবে পাঁচটি ক্যামেরার দাম ১২ হাজার ২৫০ টাকা। অথচ প্রকল্পে বরাদ্দ ছিল ১ লাখ ৬৪ হাজার টাকা। চেয়ারম্যান হাবিবুল্লাহর এমন দুর্নীতির খবর প্রকাশের পর থেকেই সমকালের প্রতিনিধির ওপর ক্ষিপ্ত হন তিনি। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে অনেক জায়গায় মানুষের কাছে বলে বেড়ান সমকাল প্রতিনিধিকে সাগরদীঘি এলাকায় পেলেই হাত-পা ভেঙে দেওয়া হবে।
গত ২৭ আগস্ট সংবাদ সংগ্রহের কাজে ঘাটাইল প্রেস ক্লাবের সহযোগী সদস্য সৈয়দ মিঠুন ও বিপ্লব হোসেন সাগরদীঘি গেলে তাদের কাছে চেয়ারম্যান বলেন, সমকালের প্রতিনিধি মাসুমকে সাগরদীঘিতে সময়মতো পেলে হাত-পা ভেঙে দেওয়া হবে। তিনি তাঁর বাহিনীকে এ ধরনের ঘটনা ঘটানোর কথা নাকি বলে রেখেছেন। এর আগে ২২ আগস্ট ঘাটাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সামনে চেয়ারম্যান হাবিবুল্লাহ ওই অফিসের কর্মচারীদের সমকালে প্রকাশিত সংবাদ মোবাইল ফোনে দেখিয়ে তাদের কাছে বলেন, ‘সাগরদীঘি লোক সেট করা আছে, সমকাল প্রতিনিধি মাসুমকে এলাকায় পাইলে হাত-পা বাইন্দা ছিঁড়া ফেলব।’ চেয়ারম্যানের বলা এই কথাগুলো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। ক্যামেরায় ধারণ করা ওই ভিডিও ক্লিপ সমকালে সংরক্ষিত আছে।
হুমকি দেওয়ার বিষয়ে ইউপি চেয়ারম্যান মো. হাবিবুল্লাহর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ফোনে কথা বলতে অস্বীকৃতি জানান।
ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘দুর্নীতির খবর প্রকাশ করায় সাংবাদিককে হুমকি বিষয়টি ন্যক্কারজনক। প্রকাশিত সংবাদের প্রতিবাদ দেওয়ার অধিকার সবার আছে। তা না করে হুমকি দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানাই। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিষয়টি আইনগতভাবেই আমরা লড়ব।’
সাধারণ ডায়েরির তদন্ত কর্মকর্তা ঘাটাইল থানার উপপরিদর্শক মো. শহিদুজ্জামান জানান, সমকাল প্রতিনিধি ও ঘাটাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুম মিয়াকে হুমকি দেওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
দুর্নীতির খবর প্রকাশ করায় সাংবাদিককে হুমকির বিষয়টি আপনি কীভাবে দেখেন– এমন প্রশ্নের জবাবে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরতিজা হাসান বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। পরে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
















