মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদের ছবি সম্বলিত ব্যানার টাঙিয়ে ধরলা সেতুর পুর্ব প্রান্তে শেখ হাসিনার নাম ফলক ঢেকে দিলেন শিক্ষার্থীরা।
গতকাল বুধবার (১৪ আগস্ট) বিকেল ৫টার দিকে জেলার ফুলবাড়ী উপজেলার ধরলা সেতুর পুর্ব প্রান্তে সেতু উদ্বোধন কালীন শেখ হাসিনার নাম ফলক ঢেকে শহীদ আবু সাঈদের ছবি সম্বলিত এই ব্যানার টাঙিয়ে দেয়া হয়। ব্যানার টাঙানো দেখতে এসময় সেতু এলাকায় উৎসুক জনতা ভীড় জমায়। তাঁরা করতালি ও শ্লোগানের মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
এসময় সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফুলবাড়ী উপজেলা শাখার সমন্বয়ক জাকারিয়া হোসাইন বাধন, শাহের আলী মুন্সী, গোলাম ফারুক অভি, শরিফ মিয়া, শাওন মিয়া, সবুজ আলম হাসান সরকার চাঁদ।
সমাবেশে জাকারিয়া হোসাইন বাধন বলেন, ছাত্র- জনতার রক্তে যার হাত রঞ্জিত, এদেশে তার নামের কোন স্মৃতি ফলক থাকবে না। তাই আমরা কোটা বিরোধী আন্দোলনের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের নামাঙ্কিত ব্যানার দিয়ে শেখ হাসিনার নাম ফলক ঢেকে দিলাম। পরবর্তীতে এখানে স্থায়ীভাবে নির্মান করা হবে
শহীদ আবু সাঈদ স্মৃতি ফলক।















