মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রামে দ্বিতীয় দিনের মত সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন মোড়ে মোড়ে অনেক শিক্ষার্থী এ দায়িত্ব পালন করেন।
জেলা শহরের পৌরবাজার, কলেজ মোড়, শাপলা মোড় ও দাদা মোড় এলাকায় শিক্ষার্থীরা
সারিবদ্ধভাবে তাদের ট্রাফিকিং দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীরা রাস্তায় মোটরসাইকেল আরোহী ও চালকদের হেলমেট ব্যবহার নিশ্চিত করতে কাজ করেন। এতে জেলার বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কুড়িগ্রাম সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, মজিদা আদর্শ ডিগ্রি কলেজসহ জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফুর্তভাবে অংশ নেয়। এসময় তাদের এ ধরনের সেবামূলক সুন্দর কাজের জন্য সাধারণ নাগরিক ও সেবা গ্রহণকারীরা ভূয়সী প্রশংসা করে শিক্ষার্থীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
















