মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
ভুয়া সমন্বয়ক পরিচয় দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড, লুটপাট ও সহিংসতা বন্ধের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা।
আজ (৮ আগষ্ট) বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়। এ সময় কুড়িগ্রাম সরকারি কলেজের সমন্বয়কারী লাইলাতুল ইসলাম রুমানা লিখিত বক্তব্যে জানান, দেশে বিরাজমান সংকট সমাধানে বৈষম্যবিরোধী কেন্দ্রীয় ও সিনিয়র সমন্বয়কদের পরামর্শক্রমে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে। এসময়ে একটি স্বার্থান্বেষী মহল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের নাম ভাঙিয়ে কুড়িগ্রামের বিভিন্ন স্থানে সন্ত্রাস, লুটপাট,সহিংসতা ও চাঁদাবাজির ঘটনা ঘটাচ্ছে। এদের সাথে আন্দোলনকারী কোনও ছাত্রের সংশ্লিষ্টতা নেই।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ছাত্রলীগের বাধা ও হামলা উপেক্ষা করে সরকারের পতনের হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যান। বিরাজমান এ অবস্থায় দেশের সম্পদ রক্ষা ও শান্তি রক্ষায় এ সব কর্মকাণ্ড বন্ধের দাবি জানানো হয়। এ সময় বক্তব্য রাখেন, সমন্বয়ক নাজমুস সাকিব শাহী, নাহিদ হাসান নাঈম প্রমুখ।
সংবাদ সম্মেলনে কুড়িগ্রাম জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই উপদেষ্টা, পাঁচ সমন্বয়কারী ও সহ-সমন্বয়কসহ ৩৬ জন ছাত্রের নামের একটি তালিকা সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হয়। এ সময় জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
















