মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা:
কুড়িগ্রাম সদর উপজেলার বেসিক শিল্প নগরী এলাকায় একটি ডোবা থেকে জলিল (৫৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৭ জুন) সকালে বেলগাছা ইউনিয়নের নাগদাহ যোগাযোগের মোড় এলাকার ডোবার পানি থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
নিহত জলিল উলিপুর উপজেলার আনন্দবাজার এলাকার সরকার পাড়া গ্রামের বাদশাহ শেখের ছেলে।
স্থানীয়রা জানান, চিলমারী-কুড়িগ্রাম সড়কের নাগদাহ যোগাযোগের মোড় এলাকার ব্রিজের পাশে খালের পানিতে মরদেহটি ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন তারা। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যান।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, ধারনা করা হচ্ছে মরদেহটি ৩ থেকে ৪ দিন আগের হতে পারে। তবে তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
















