মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা:
কুড়িগ্রামের তিস্তা নদীতে নৌকাডুবি ঘটনার ৭ দিনপর রুপালি নামের এক মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এখনো নিখোঁজ ৩ শিশুসহ ৪ জনের লাশের সন্ধান মেলেনি।
নিখোঁজরা হলেন আনিছুর রহমান (৩৫) ও মেয়ে আইরিন (১০)। এ ছাড়া ইরামনি (১০) ও শামিম (৮)।
আজ মঙ্গলবার (২৫ জুন) বিকেলে উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের চর বজরা দক্ষিণ শাহাবুদ্দিনের ঘাটের পশ্চিম তীরে স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। ঘটনা স্হল থেকে রুপালির লাশ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা।
এর আগে গত ১৯ জুন সন্ধ্যা ৭টায় উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের সাদুয়া দামারহাট এলাকায় ২৫ যাত্রী নিয়ে শ্যালো ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে যায়। এ সময় স্হানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ১৮ জনকে উদ্ধার করতে পারলেও শিশু সহ নিখোঁজ হয় আরো ৭ যাত্রী। ঘটনার ৪ দিন পর কুলসুম নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
















