বাংলা ভয়েস ডেস্ক:
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ধান খেত পরিষ্কারে করতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার (২২ জুন) দুপুরে উপজেলার সুন্যা উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান নাইকানীবাড়ী আলহাজ্ব হায়দার হামিদ মডেল স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।
নিহত ৫০ বছর বয়সি বুলবুল আহমেদ ওই গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে।
এ বিষয়ে বুলবুলের চাচাতো ভাই আসাদুজ্জামান জানান, সকালে বুলবুল ধান খেত পরিষ্কার করতে যান। সাড়ে ১০টার দিকে হঠাৎ বজ্রপাত শুরু হলে তিনি বাড়িতে ফেরার জন্য রওনা দেন। পথে বজ্রপাতে আহত হয়ে রাস্তায় পড়ে যান তিনি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
বুলবুলের আরেক চাচাতো ভাই রফিকুল ইসলাম জানান, একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বুলবুলের পরিবার। তিনি কৃষিকাজ করে সংসার চালাতেন। তার স্ত্রী ও দুই মেয়ে অসহায় হয়ে পড়েছেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
















