বাংলা ভয়েস ডেস্ক:
এক বছর আগে পেটে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন মোতালেব। ওই সময় চিকিৎসকরা একে একে তার পেট থেকে বের করেন ২৩টি কলম। তখন মোতালেব কথা দিয়েছিলেন আর কখনো কলম খাবেন না তিনি।
কিন্তু কথা রাখেননি মোতালেব। এবার খেয়েছেন কলম ছাড়াও লোহার লম্বা সুচ, প্লাস্টিকের ঘড়ি ও বাঁশের কঞ্চি। চিকিৎসকরা আবারও দুই ধাপে তার পেট থেকে বের করেছেন তিনটি লোহার লম্বা সুচ, একটি লম্বা কঞ্চি, একটি প্লাস্টিকের ঘড়ির মতো বস্তু ও একটি কলম।
গত সোমবার (৩ জুন) ও মঙ্গলবার (৪ জুন) দুই দফায় এন্ডোস্কোপি সার্জারির মাধ্যমে তার পেট থেকে এগুলো বের করেন সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের একদল দক্ষ চিকিৎসক। তবে এতো ধারালো বস্তু কীভাবে গিলেছেন মোতালেব! তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন চিকিৎসকরা!
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর মহল্লার মৃত আব্দুর রহিমের ছেলে মোতালেব (৩৬)। তিনি ২০০০ সালে এসএসসি পাস করে কলেজে ভর্তি হন। এরপর থেকেই তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। ২০১৮ সাল থেকে তিনি বিভিন্নস্থান থেকে কুড়িয়ে পাওয়া কলম খেতে শুরু করেন।
চিকিৎসকের মতে, পিকা সিনড্রোম নামে মানসিক রোগে আক্রান্ত মোতালেব। যে কারণে তিনি রাস্তায় কুড়িয়ে পাওয়া কলম, লোহার সুচসহ যা পাচ্ছেন গিলে খাচ্ছেন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা আশাবাদী, চিকিৎসা শেষ হলে স্বাভাবিক জীবনের ফিরে আসবেন মোতালেব।
















