বাংলা ভয়েস ডেস্ক:
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীর পৌলি এলাকায় চলন্ত লরির পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক ও হেলপার নিহত হয়েছে।
শনিবার (২৫ মে) ভোরে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত কাভার্ডভ্যানের চালক আলমগীর হোসেনের বাড়ি যশোর জেলায়। তবে নিহত হেলপারের নাম পরিচয় পাওয়া যায়নি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, ভোর সাড়ে ৫ টার দিকে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি লরি ঢাকার দিকে যাচ্ছিলো। ঘটনাস্থলে পৌছলে একটি ঢাকামুখী কাভার্ডভ্যান লড়ি পেছনে ধাক্কা দেয়। এসময় কাভার্ডভ্যানের সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলে কাভার্ড ভ্যানের চালক ও হেলপার নিহত হয়। নিহতের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত হেলপারের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।
এছাড়াও কালিহাতীর উপজেলার ভূঞাপুর লিংক রোডে ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহনের একটি বাস উল্টে যায়। এ ঘটনায় আহত হয়েছে আন্তত ৮জন । এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
















