বাংলা ভয়েস ডেস্ক:
সিরাজগঞ্জের বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা ও তার শিশু ছেলেসহ সমর্থকদের মারধরের অভিযোগে সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডলের ব্যক্তিগত সহকারী (পিএস) সেলিম সরকারকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, পৌর কাউন্সিলর শিপন ও হাফিজুরসহ ১৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৩০/৪০ জনকে আসামি করা হয়।
আজ শুক্রবার (১৭ মে) বিকেলে মেয়র সাজ্জাদুল হক রেজা নিজে বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ইতিমধ্যে এ মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- গাড়ামাসী গ্রামের মৃত আব্দুল মতিন প্রামাণিকের ছেলে শাকিল (২৫), একই গ্রামের আব্দুল মজিদের ছেলে জুবায়ের (১৮) ও শেরনগর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে জাফর শেখ (২৫)।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, মেয়র নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
আমরা আগেই পাঁচ জনকে আটক করেছিলাম। তাদের মধ্যে দুজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় যাচাই-বাছাই করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অপর তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে মেয়রের ওপর হামলার ঘটনায় শুক্রবার বিকেলে বেলকুচিতে বিক্ষোভ মিছিল হয়েছে। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় মেয়রের ওপর হামলার সুষ্ঠু বিচার দাবি করা হয়।
এর আগে বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ে আসা তদন্ত কমিটির সামনে এমপির পিএস সেলিম সরকার ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলীর নেতৃত্বে মেয়রের ওপর হামলা চালানো হয়। হামলার ছবি তুলতে গেলে আবু মুছা নামে এক সাংবাদিককেও মারপিট করে মোবাইল ফোন কেড়ে নেয় এমপির অনুসারীরা।















