বাংলা ভয়েস ডেস্ক:
টাঙ্গাইলের মির্জাপুরে একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মোতালেব খান নামে এক যুবক মারা গেছেন। আজ শুক্রবার ( ১৭ মে) সকালে উপজেলার রশিদ দেওহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত মোতালেব (৩৫) গোড়াই ইউনিয়নের রানাশাল গ্রামের চানখানের ছেলে।
এ বিষয়ে স্থানীয়রা জানান, মোতালেব ট্রাক্টর মেশিন দিয়ে ধান ভাঙানোর হলার তৈরি করেছিলেন। সেটি নিয়ে বাড়িতে গিয়ে ধান ভাঙানোর কাজ করতেন।
প্রতিদিনের মতো শুক্রবার সকালে ট্রাক্টর নিয়ে বাসা থেকে বের হয়ে উপজেলার রশিদ দেওহাটা এলাকায় পৌঁছান। রেললাইন পার হওয়ার সময় উওরবঙ্গ থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয় লোকজন তার মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজনকে খবর দেয়। পরিবারের লোকজন এসে মরদেহ বাড়িতে নিয়ে যায়। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে মোতালেবের বাড়িতে চলছে শোকের মাতম।















