নিউজ ডেস্ক:
সিলেটে ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি ব্যাপক তাণ্ডব চালিয়েছে। সিলেট নগরী ও আশেপাশের উপজেলায় চলা প্রায় ১০ মিনিটের ঝড়ে গাড়ি ও বাসাবাড়ির কাচ, ফসলের ক্ষতি হয়েছে। পাশাপাশি অনেকে আহতও হয়েছেন। এ সময় অনেক শিলাখণ্ডের ওজন ছিল প্রায় দুই শত গ্রামের বেশি।
গত রবিবার (৩১মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এ ঝড় শুরু হলে এটি প্রায় ১০ মিনিটের মতো চলে। সিলেট নগরবাসীরা জানান, ঝড়ের সাথে প্রচুর শিলাবৃষ্টি হয়েছে। অনেকের গাড়ির গ্লাসের ক্ষতি হয়েছে। এ শিলাবৃষ্টিতে অনেকের ঘরের নতুন টিনের ক্ষতি হয়েছে। প্রচণ্ড গতিতে ।পর থেকে পড়া এসব শিলা ঘরের টিন ভেদ করে ঘরেও প্রবেশ করেছে।
অনেকের মাথায় শিলার খণ্ড পড়ে রক্তাক্ত হয়েছে। এ সময়ে সড়কে চলাচলরত যানবাহন দূর্ঘটনার কবলেও পড়ে। এছাড়া সিলেট সুনামগঞ্জ সড়কে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে বিঘ্নিত হয় যানচলাচল। তবে প্রবল এ শিলাবৃষ্টিতে ফসলসহ অন্য ক্ষতির প্রাতিষ্ঠানিক তথ্য মেলেনি এখনো। এদিকে শিলাবৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েন ঈদের বাজার করতে আসা সাধারণ মানুষেরাও।


















