মোঃ সোহাগ হেসেন, (শার্শা) যশোর।
যশোরে হাসপাতালে ভর্তি বন্ধুদের দেখে বাড়ি ফেরার পথে চয়ন দাস নামে এক কিশোর খুন হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) রাত ১ টার দিকে সদর উপজেলার শানতলা এলাকায় সে খুনের শিকার হয়।
নিহত চয়ন দাস সদর উপজেলার চুড়ামনকাটি দাসপাড়ার নয়ন দাসের ছেলে।
নিহতের স্বজনরা জানান, গতকাল শনিবার রাতে তাদের পাড়ার কিছু ছেলে ঝিকরগাছা উপজেলার মল্লিকপুর গ্রামে নাম যজ্ঞানুষ্ঠান দেখতে যায়। সেখানে ভোগ খাবার সময় শানতলা দাসপাড়ার অনিক ও বিশালের সাথে চয়ন দাশের বন্ধুদের সাথে মারামারি হয়। এসময় স্বাধীন, দিপ্তসহ কয়েকজন কে মারপিট ও ছুরিকাঘাত করা হয়। খবর পেয়ে তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার রাতে চয়ন দাস এলাকার লোকজনের সাথে রাত সাড়ে ১১ টার দিকে আহত বন্ধুদের দেখতে হাসপাতালে যায়। রাত ১ টার দিকে বাড়ি ফেরার পথে শানতলায এলাকায় পৌঁছালে ১০/১২ জন তাদের উপর হামলা চালায়। এসময় হামলাকারীরা চয়নকে পিটিয়ে জখম করে। পরে সাথে থাকা লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িতদের আটক ও বিচারের দাবি জানিয়েছেন স্বজনরা।
যশোর জেনারেল হাসপাতালের আরএমও পার্থ প্রতিম চক্রবর্তী জানান, হাসপাতালে আনার আগেই চয়নের মৃত্যু হয়। তার শ্বাসনালী, কাঁধের পেছনের হাড় ভাঙ্গা ও থুতনিতে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
এবিষয়ে কোতোয়ালি থানার ওসি (অপারেশন) ইন্সপেক্টর শফিকুল আলম চৌধুরী জানান, নিহতের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।


















