মাহিউর রহমান, মির্জাপুর সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় হাফেজ আবু রায়হান নামে এক এসএসসি পরিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন স্কুল শিক্ষক বাবা হাবিবুর রহমান।তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুরাতন সড়ক পুষ্টকামুরী চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাফেজ আবু রায়হানের বাড়ি মির্জাপুর উপজেলার ভাওড়া নয়াপাড়া গ্রামে। বাবা হাবিবুর রহমান উপজেলার ছিট মামুদপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। বাবার সঙ্গে মোটরসাইকেলে করে মির্জাপুর সদরের আফাজ উদ্দিন দাখিল মাদরাসা কেন্দ্রে যাচ্ছিল রায়হান।
ছেলেকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিয়ে বাঁশতৈল পরীক্ষাকেন্দ্রে ডিউটিতে যাওয়ার কথা ছিল বাবার। পথে পুষ্টকামুরী এলাকায় পৌঁছালে সিএনজিচালিত একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেলের। এতে বাবা-ছেলে মোটরসাইকেল থেকে পড়ে আহত হন। এ সময় গরুভর্তি একটি পিকআপভ্যান পরীক্ষার্থী আবু রায়হানকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) ফজলু মিয়া জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


















