মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা
কুড়িগ্রাম থেকে ছেড়ে যাওয়া কাউনিয়া রেলষ্টেশনে এক্সপ্রেস ট্রেনের বগির ছাদ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ওই ব্যক্তির এক পায়ে শিকল বাঁধা ছিল। লাশটি আনুমানিক ২৫ বছর বয়সী এক যুবকের।
আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে কাউনিয়া রেলস্টেশন থেকে এ লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া রেল স্টেশনের মাস্টার মোবারক।
স্টেশন মাস্টার জানান, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি কাউনিয়া স্টেশনের আসার পর ইঞ্জিন পরিবর্তন করা হচ্ছিল। এ সময় র্যাকের ছাদে লাশ দেখতে পায় প্লাটফর্মে অবস্থানরত যাত্রীরা। সংবাদ পেয়ে কাউনিয়ার ফায়ার সার্ভিস কর্মীরা দুপুর ২টায় লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়ির ইনচার্জের কাছে হস্তান্তর করে।
কাউনিয়া রেল স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল মতিন জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করেছে। লাশটি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রির্পোট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।


















