মাহিউর রহমান, মির্জাপুর সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুরে ছুরিকাঘাতে ট্রাক চালক আজিজুল হত্যা মামলার আসামী সাদ্দাম হোসেন (৩২) ও নাদিম খান (৩৪) নামে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৮ই ফেব্রুয়ারি (রোববার) সকালে উপজেলা সদরের বাওয়ার কুমারজানী ও পুষ্টকামুরী সওদাগরপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে গ্রেপ্তারকৃতদের টাঙ্গাইল আদালতে হাজির করা হলে তারা খুনের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
গ্রেপ্তার নাদিম উপজেলা সদরের বাইমহাটি মাষ্টারপাড়ার আবু সাঈদের ছেলে ও সাদ্দাম লতিফপুর ইউনিয়নের ত্রিমোহন বান্দরমারা গ্রামের পাষান খানের ছেলে।
মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রেজাউল করিম জানান, ঘটনার সঙ্গে জড়িত আরও ৫ /৬ জনকে গ্রেপ্তারের জন্য সাঁড়াশী অভিযান শুরু করা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার বিকেলে ট্রাক চালক আজিজুল ও হেলপার আবু তালেব নারায়ণগঞ্জ থেকে ট্রাকে ভুট্টাবোঝাই করে বগুড়ার উদ্দেশে রওনা হন। পথে রাত দেড়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর বাইপাসের মা সিএনজি ফিলিং স্টেশনের কাছাকাছি পৌঁছালে মহাসড়কে একটি বস্তা পড়ে থাকতে দেখে ট্রাক থামান। পরে ট্রাক থেকে নেমে সড়কে পড়ে থাকা বস্তা সরাতে গেলে ১০-১২ জন অস্ত্রসহ এসে তাঁকে ঘিরে ফেলেন। এ সময় ডাকাতেরা ট্রাকচালকের সঙ্গে থাকা ১৮ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন এবং মারধর করেন। একপর্যায়ে ডাকাত দল ট্রাকচালকের বুকে ছুরিকাঘাত করে। এ সময় আশপাশের লোকজন ও পুলিশের টহল দল এগিয়ে এলে ডাকাতেরা পালিয়ে যান।


















