ক্রিকেট বিশ্বের আড়াইশ বছরের ইতিহাসে যা কেউ কখনো করতে পারেনি, এবার সেই অসম্ভবকে সম্ভব করে দেখালেন নিউজিল্যান্ডের ঘরোয়া বোলার ব্রেট র্যান্ডেল।
প্রথম শ্রেণির ক্রিকেটের ২৫৪ বছরের দীর্ঘ পথচলায় প্রথমবারের মতো টানা পাঁচ বলে পাঁচ উইকেট নেওয়ার বিরল কীর্তি গড়েছেন সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের এই ডানহাতি ফাস্ট বোলার। নিউজিল্যান্ডের নেপিয়ারের ম্যাকলিন পার্কে প্লাঙ্কেট শিল্ডের ম্যাচে মুখোমুখি হয়েছিল সেন্ট্রাল ডিস্ট্রিক্টস ও নর্দার্ন ডিস্ট্রিক্টস।
ম্যাচের দ্বিতীয় দিনে বল হাতে অবিশ্বাস্য এক স্পেল উপহার দেন ৩০ বছর বয়সী র্যান্ডেল। তার আগুণে বোলিংয়ে কার্যত খড়কুটোর মতো উড়ে গেছে প্রতিপক্ষের টপ অর্ডার। অ্যাসোসিয়েশন অব ক্রিকেট স্ট্যাটিস্টিশিয়ান্স অ্যান্ড হিস্ট্রিয়ান্স-এর তথ্য অনুযায়ী, ১৭৭২ সালে স্বীকৃত প্রথম শ্রেণির ক্রিকেট যাত্রা শুরু করার পর থেকে আজ অবধি কোনো বোলার এমন ধারাবাহিক সাফল্যের দেখা পাননি।
যদিও গত বছর আয়ারল্যান্ডের কুর্টিস ক্যাম্ফার ঘরোয়া টি-টোয়েন্টিতে ৫ বলে ৫ উইকেট নিয়ে পেশাদার ক্রিকেটে এই যাত্রার সূচনা করেছিলেন, তবে দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে র্যান্ডেলই এখন প্রথম ও একমাত্র নাম। ম্যাচের উত্তেজনা তখন চরমে। ব্রেট র্যান্ডেল তার ব্যক্তিগত দ্বিতীয় ওভারের শেষ বলে হেনরি কুপারকে বোল্ড করে উৎসবের শুরু করেন। এরপর তৃতীয় ওভারের প্রথম বলেই সাজঘরে পাঠান নিউজিল্যান্ডের সাবেক টেস্ট ব্যাটার জিত রাভালকে। এরপরের দুই বলে আরও দুই উইকেট শিকার করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
ওভারের চতুর্থ বলে ক্রিস্টিয়ান ক্লার্ককে ক্লিন বোল্ড করার সাথে সাথেই রচিত হয় সেই কাঙ্ক্ষিত বিশ্বরেকর্ড। রেকর্ডের নেশা যেন কাটছিলই না র্যান্ডেলের। নিজের পরের ওভারে আরও দুই উইকেট তুলে নিয়ে নর্দার্ন ডিস্ট্রিক্টসকে মাত্র ৮২ রানেই প্যাকেট করে দেন তিনি। সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের করা ৩৭৩ রানের জবাবে কোনো প্রতিরোধই গড়তে পারেনি নর্দার্ন।
৯ বছরের ক্যারিয়ারে ৩৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা র্যান্ডেল এদিন মাত্র ২৫ রান খরচায় শিকার করেন ৭টি উইকেট, যা তার ক্যারিয়ারের সেরা বোলিং পারফরম্যান্স। পেশাদার ক্রিকেটের ইতিহাসে ব্রেট র্যান্ডেলের এই স্পেলটি কেবল একটি রেকর্ড নয়, বরং আড়াইশ বছরের ক্রিকেট ঐতিহ্যের এক নতুন মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।


















