ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যের আকাশপথে চরম অনিরাপত্তা সৃষ্টি হয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলে; বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ একাধিক এয়ারলাইনস সব গন্তব্যে ফ্লাইট স্থগিত করেছে।
এ অবস্থায় সৌদি আরবে আটকা পড়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ওমরাহ পালন শেষে দুবাই হয়ে দেশে ফেরার পথে জেদ্দা থেকে ফ্লাইট বাতিল হওয়ায় তিনি আরও হাজারো যাত্রীর সঙ্গে বিমানবন্দরে অপেক্ষা করছেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মুশফিক লিখেছেন, “বর্তমানে আমিসহ হাজার হাজার যাত্রী জেদ্দা বিমানবন্দরে অবস্থান করছি। একমাত্র সর্বশক্তিমান আল্লাহই জানেন কখন এবং কীভাবে আমরা দেশে ফিরতে পারব। সবার কাছে দোয়া প্রার্থী।”
নিরাপত্তার কারণে শুধু বিমান বাংলাদেশ নয়, এমিরেটস, কাতার এয়ারওয়েজসহ বিশ্বের শীর্ষস্থানীয় এয়ারলাইনসগুলোও তাদের রুট পরিবর্তন বা ফ্লাইট বাতিল করছে। জর্ডান, ইরাক ও লেবাননের আকাশপথও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।


















