বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের টাঙ্গাইল জেলা শাখার দুই নেতাকে সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সংগঠনটির কেন্দ্রীয় সংসদের জরুরি সিদ্ধান্তের ভিত্তিতে সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক-এর নির্দেশক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। অব্যাহতি পাওয়া নেতারা হলেন— শামীম পারভেজ খান (যুগ্ম-সাধারণ সম্পাদক) এবং ইমরুল পারভেজ (ক্রীড়া সম্পাদক)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্রুপমূলক লেখালেখির সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না, সে বিষয়ে যথোপযুক্ত কারণ দর্শাতে আগামী তিন কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে সভাপতি, সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদকের কাছে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংগঠনের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মোহাম্মাদ আলী তোহা।


















