ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচিত হওয়ার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
বৃহস্পতিবার জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি নিজেই তার পদত্যাগের ঘোষণা দেন। স্পিকার হিসেবে দায়িত্ব পালনে নিরপেক্ষতা বজায় রাখতেই তিনি দলের গুরুত্বপূর্ণ এই পদ ছেড়েছেন বলে জানিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনির্বাচিত স্পিকার ও সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। একই দিন সকাল ১১টায় বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।
অধিবেশন শুরুর সময় স্পিকারের চেয়ার শূন্য রাখা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সংসদের কার্যক্রম শুরু হয়।
পরে স্পিকার নির্বাচিত হওয়ার পর সংসদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে পরিচালনার দায়িত্ব নেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।


















