জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ প্রধান বিরোধী দলকে দেওয়ার প্রস্তাব করেছে সরকার।
এ জন্য প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে মৌখিকভাবে এবং সাক্ষাতের মাধ্যমে জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২ মার্চ) দুপুর ২টার দিকে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ জানান, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই অংশ হিসেবে বিরোধী দলকে ডেপুটি স্পিকার মনোনয়নের সুযোগ দিতে চায় সরকার। তিনি বলেন, স্পিকার নির্বাচনের দিনই যেন ডেপুটি স্পিকারও নির্বাচিত হতে পারেন—এমন প্রস্তাব দেওয়া হয়েছে।
উচ্চকক্ষ গঠনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি এখনও আলোচনার মধ্যে রয়েছে। তবে সরকার চাইলে স্পিকার ও ডেপুটি স্পিকার—দুই পদই নিতে পারে। কিন্তু জুলাই জাতীয় সনদ অনুযায়ী ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হওয়ার কথা। সেই বিবেচনায় সরকার সদিচ্ছা থেকেই প্রস্তাবটি দিয়েছে।


















