নরসিংদীতে এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মূল অভিযুক্ত নূরাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।
পোস্টে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও তার বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার ঘটনায় স্থানীয় বিএনপির এক নেতার সম্পৃক্ততার তথ্য পাওয়া যাচ্ছে। তিনি মহিষাশুড়া ইউনিয়নের মেম্বার ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহম্মদ আলী দেওয়ান।
সংবাদমাধ্যমের বরাত দিয়ে তিনি লেখেন, প্রায় ১৫ দিন আগে নরসিংদীর মাধবদী এলাকায় নূরার নেতৃত্বে পাঁচ-ছয়জনের একটি দল কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে ওই কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটির বাবা স্থানীয় মেম্বারের কাছে বিচার চাইলে, ধর্ষকদের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি নেতা ও মেম্বার আহম্মদ আলী দেওয়ান আপসের নামে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এমনকি মামলা করতে না দিয়ে উল্টো মেয়েটির পরিবারকে এলাকা ছাড়তে বলেন।
তিনি আরও উল্লেখ করেন, পরিস্থিতির চাপে বুধবার বিকেলে বাবা মেয়েটিকে খালার বাড়িতে রেখে আসতে যাচ্ছিলেন। এ সময় নূরা তাকে তুলে নিয়ে যায়। পরে বৃহস্পতিবার সরিষাক্ষেতে মেয়েটির মরদেহ পাওয়া যায়।
হাসনাত আবদুল্লাহ জানান, এ ঘটনায় পুলিশ মহিষাশুড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহম্মদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান দেওয়ানসহ চারজনকে গ্রেপ্তার করেছে। তবে মূল অভিযুক্ত নূরাকে দ্রুত গ্রেপ্তার করার দাবি জানান তিনি।
পোস্টের শেষে তিনি বলেন, “ধর্ষক নূরাকে ২৪ ঘণ্টার মধ্যে ধরতে হবে। আহম্মদ আলী দেওয়ানের শক্তির উৎস যারা, তাদেরও আইনের আওতায় আনতে হবে। বিএনপি নেতাদের প্রশ্রয়ে ধর্ষণ, অপহরণ ও খুনের মতো জঘন্য অপরাধ কবে বন্ধ হবে—স্বরাষ্ট্রমন্ত্রীকে তা বলতে হবে।”


















