জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র সমাজ সবচেয়ে বড় ভূমিকা রাখলেও এখন তার সুফল রাজনৈতিক নেতারা ভোগ করছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সংস্কার প্রক্রিয়া সংসদে সম্পন্ন না হলে আন্দোলন আবারও রাজপথে গড়াতে পারে।
বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে জাতীয় ছাত্রশক্তির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, সংসদে যদি সংস্কার নিয়ে কথা বলার পরিবেশ না থাকে, তাহলে রাজপথেই তার ফয়সালা হবে। সে লক্ষ্যে প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
এনসিপির এক বছর পূর্তি প্রসঙ্গে তিনি বলেন, এক বছরের পথচলায় কিছু ভুল-ত্রুটি থাকলেও দলটির মূল শক্তি জুলাই গণঅভ্যুত্থান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিকড় থেকেই বাংলাদেশপন্থি রাজনীতির ধারণা নিয়ে এনসিপির যাত্রা শুরু হয়েছে।
তিনি আরও বলেন, নব্বইয়ের গণঅভ্যুত্থানের মতো ২০২৪ সালের আন্দোলনেও ছাত্রদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। ছাত্ররা দায়িত্ব নিলেও রাজনৈতিক নেতারা গণভোটের অজুহাতে সংস্কার পরিষদের শপথ নেননি। বিচার ব্যবস্থার ক্ষেত্রেও একই চিত্র দেখা যাচ্ছে।
অনুষ্ঠানে এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


















