টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি হাফেজ খায়রুল ইসলাম মুন্সির বিরুদ্ধে ফেসবুকের দুটি ফেক আইডি থেকে মিথ্যা ও মনগড়া পোস্ট ছড়ানোর অভিযোগ উঠেছে।
এবিষয়টি সামাজিকভাবে তাকে হেয় করার উদ্দেশ্যে করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে হাফেজ খায়রুল ইসলাম মুন্সি বলেন, তার বিরুদ্ধে কে বা কারা সামাজিক যোগাযোগমাধ্যমে ফেক আইডি ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে। তিনি জানান, ধনবাড়ীর মানুষ তার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড সম্পর্কে অবগত।
তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তিনি কাজ করে যাচ্ছেন। চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজদের বিরুদ্ধে সবসময় অবস্থান নিয়েছেন বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, তার জনপ্রিয়তা ও রাজনৈতিক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে কেউ তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাতে পারে। এ বিষয়ে ধনবাড়ীবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।
এ ঘটনায় তিনি গত ২১ ফেব্রুয়ারি ধনবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ৮৮৩ এবং ট্র্যাকিং নম্বর LQRQ8H।
এ বিষয়ে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম সিদ্দিকী জানান, ফেসবুকের ‘ধনবাড়ী নিউজ’ ও ‘আমাদের ধনবাড়ী সংবাদ’ নামের দুটি আইডি থেকে তার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে জিডি করা হয়েছে। আদালতের অনুমতি সাপেক্ষে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


















