দীর্ঘ ২৮ বছর পর ২০১৯ সালে শেখ হাসিনার আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে তৎকালীন ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে হারিয়ে ডাকসুর সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছিলেন কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুর। সেই থেকে সারা দেশে তিনি ভিপি নুর হিসেবে পরিচিত।
সেই ভিপি নুর এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে ট্রাক প্রতীকে সংসদ সদস্য (এমপি) পদে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে তিনি হারিয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি হাসান মামুন, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শাহ আলম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুঃ আবু বক্কর ছিদ্দিকীকে। ভিপি নুর এখন এমপি নুর। নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চাইলে তিনি মন্ত্রী নুরও হতে পারেন।
কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিভিন্ন ইস্যুতে নুরুল হক নুর ও তার দল গণঅধিকার পরিষদ (জিওপি) সক্রিয় ভূমিকা রেখেছে। শেখ হাসিনার শাসনামলে অসংখ্যবার হামলা, মামলা ও কারাবরণের শিকার হয়েছিলেন নুর। এমনকি অন্তর্বর্তী সরকারের আমলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ব্যাপক হামলার শিকার হয়েছেন তিনি। সেই নুরকে এবার দেখা যাবে জাতীয় সংসদে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নুরের দল গণঅধিকার পরিষদের ৯৪ জন প্রার্থী ট্রাক প্রতীকে নির্বাচন করেন। এর মধ্যে নুর ছিলেন বিএনপি জোটের প্রার্থী। সারা দেশে প্রাপ্ত ভোটের মধ্যে ট্রাক প্রতীক পেয়েছে শূন্য দশমিক ৩৩ শতাংশ ভোট।
সংসদ সদস্য পদে নির্বাচিত হওয়ার পর এলাকার উন্নয়নে নিজের অগ্রাধিকারমূলক কাজ, দলীয় ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জাগো নিউজের সঙ্গে কথা বলেছেন নুরুল হক নুর। পাশাপাশি মন্ত্রিসভায় যুক্ত হওয়ার সম্ভাবনা নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন। সাক্ষাৎকারটি নিয়েছেন জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক মো. আশিকুজ্জামান আশিক।


















