ঢাকায় সোমবার বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম, কারচুপি ও নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন–এর সঙ্গে বৈঠক শেষে জোটের নেতারা এ ঘোষণা দেন। নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও এহসানুল মাহবুব জুবায়ের নেতৃত্ব দেন।
বৈঠক শেষে হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের বলেন, নির্বাচনের পর জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের নেতাকর্মীদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটছে। বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে। এসব ঘটনার প্রতিবাদে সোমবার ঢাকার বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল বের করবে ১১ দলীয় জোট।
তিনি অভিযোগ করেন, নির্বাচনে কালো টাকার ব্যবহার ও ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হয়েছে। কোনো কোনো কেন্দ্রে কর্তব্যরত কর্মকর্তারা নিজেরাই সিল মেরেছেন বলে অভিযোগ রয়েছে। ভোটগ্রহণে বাধা, ভীতি প্রদর্শন এবং কম ভোটকাস্টের বিষয়টিও তুলে ধরা হয়। স্থানীয় পর্যায়ে ও কমিশনের কাছে বারবার অভিযোগ জানানো হলেও সন্তোষজনক পদক্ষেপ পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।
এছাড়া কিছু কেন্দ্রে অস্বাভাবিক হারে ভোটকাস্ট, অতিরিক্ত ব্যালট ব্যবহার, ভোটগণনার সময় এজেন্টদের জোর করে বের করে দেওয়া এবং ফলাফল শিটে কারচুপির অভিযোগও করেন তিনি। ঢাকা-৬ আসনে এজেন্ট পরিবর্তনের ঘটনাও তুলে ধরা হয়।


















