ঢাকা-৮ আসনে বিজয়ী হওয়ার পর ভোটার ও জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি নির্বাচনি অভিজ্ঞতা ও ব্যক্তিগত অনুভূতির কথা তুলে ধরেন।
জয়ী হয়ে তিনি বলেন, “এবারের নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করে ভোট দিয়েছেন ভোটাররা। তারা আমাকে সমর্থন দিয়েছেন। এজন্য তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।”
ভোটের দিন উৎকণ্ঠার প্রসঙ্গ টেনে তিনি জানান, কিছু কেন্দ্রে ব্যালট বাতিলের খবর শুনে তিনি দুশ্চিন্তায় পড়েছিলেন। “আল্লাহ আমার অনেক ধৈর্য পরীক্ষা নিচ্ছেন,”—এমন মন্তব্য করে তিনি বলেন, শেষ পর্যন্ত ধৈর্যের ফল ভালো হয়েছে, যদিও সময়টা ছিল কষ্টকর।
নির্বাচনি পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, নির্বাচন হওয়া উচিত উৎসবমুখর পরিবেশে, যুদ্ধক্ষেত্রের মতো নয়। “নির্বাচনের ক্ষেত্রটাকে নির্বাচনী ক্ষেত্রই রাখা উচিত ছিল। কিন্তু শুরু থেকেই এটাকে কেউ কেউ যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে, শুধু নিজেকে হাইলাইট করার জন্য,”—মন্তব্য করেন তিনি।
ঢাকা-৮ আসনের ফলাফল নিয়ে দেশজুড়ে আগ্রহের কারণ ব্যাখ্যা করতে গিয়ে মির্জা আব্বাস বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে তাঁর প্রার্থী হওয়া এবং প্রকাশ্যে তাঁকে নিয়ে সমালোচনা-গালিগালাজের ঘটনাই মানুষের আগ্রহ বাড়িয়েছে। “মানুষ এমন আচরণ আশা করেনি, তাই ফলাফলের জন্য অপেক্ষা করেছে,”—যোগ করেন তিনি।
ভোটে নিজের কোনো বিশেষ কৌশল ছিল না জানিয়ে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে একটি নেতিবাচক ন্যারেটিভ তৈরি করে প্রতিপক্ষ নিজেকে আলোচনায় আনতে চেয়েছেন। তবে এটিকে তিনি ‘অপকৌশল’ হিসেবে উল্লেখ করেন।
উল্লেখ্য, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের সঙ্গে ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর মধ্যে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত নাটকীয়তা শেষে তিনি বেসরকারিভাবে বিজয়ী হন।


















