ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে ভোট ডাকাতির অভিযোগ তুলে বিএনপি নেতা মির্জা আব্বাসকে লক্ষ্য করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী ও এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।
আজ এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ঢাকার রেলওয়ে কলোনী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে বের হওয়ার সময় বিএনপির কর্মী-সমর্থকদের দ্বারা তাদের ওপর হামলা চালানো হয়। সেনাবাহিনীর উপস্থিতিতেই তার মাথায় আঘাত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ঘটনার পর সেনাবাহিনীকে জানালে তারা তাকে উদ্ধার করে নিরাপদে পাঠিয়ে দেয়। তিনি জানান, ঢাকা-৮ আসনের রেলওয়ে কলোনী উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্র—এই দুটি কেন্দ্রকে তারা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছেন।
তার দাবি, এসব কেন্দ্রে ভোট ডাকাতির “মহোৎসব” চলছে এবং পরিকল্পিতভাবে মারামারি সৃষ্টি করে ভোট বানচালের চেষ্টা করা হচ্ছে। তিনি মির্জা আব্বাসকে উদ্দেশ করে বলেন, হারার ভয়ে নির্বাচন বানচাল না করতে এবং গণতন্ত্র রক্ষায় যারা জীবন দিয়েছে, তাদের ত্যাগের কথা স্মরণ রাখতে।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এতদিন পাল্টা প্রতিরোধে না গেলেও ভবিষ্যতে তাদের ওপর হামলা হলে প্রতিরোধ করা হবে। ঢাকা-৮ আসনে ভোট ডাকাতি হলে এর কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।


















